img

বলিউডের মডেল-অভিনেত্রী উরফি জাভেদ হাসপাতালে ভর্তি। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই চিন্তিত তার ভক্ত-অনুরাগীরা। হাসপাতালের বেডে শুয়ে আছেন অভিনেত্রী, স্যালাইন চলছে। চোখে-মুখে ক্লান্তির ছাপ। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন ছবি পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখলেন— বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন উরফি জাভেদ। পেছনে চলছে ‘ইতনি শক্তি হমে দে না দাতা’ গান। সঙ্গে অভিনেত্রী বলেন, অপারেশন থিয়েটারে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা। জানিয়েছেন তার মজা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো?

এখন পর্যন্ত উরফি জাভেদ বা তার টিমের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে তার ঠিক কী হয়েছে কিংবা হাসপাতালে ভর্তির কারণই বা কি, তা নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে নিজের স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছিলেন উরফি জাভেদ। সেই সময় হাসপাতালের শয্যায় অক্সিজেনের মুখোশ পরা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন— '২০২৪ শুরু করলাম ধামাকা দিয়ে।'  যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার কারণও জানাননি।

এদিকে চলতি বছরের জুনে প্রায় দেড় বছর আগে হওয়া মুখের তীব্র ফোলা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সময় অনেকেই দাবি করেছিলেন— সৌন্দর্যবর্ধক ফিলার ব্যবহারের কারণেই তার মুখ ফুলে গিয়েছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে উরফি জাভেদ জানিয়েছিলেন— ফিলার নয়, বরং অ্যালার্জি, মানসিক চাপ এবং শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে এ সমস্যা তৈরি হয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন— তিনি বিড়ালের প্রতি অ্যালার্জিক। অথচ তার বাড়িতে রয়েছে তিনটি পোষ্য বিড়াল। 

এখন হাসপাতালের ছবি প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীদের একটাই প্রশ্ন— 'এবার কি  হয়েছে?' তার তরফে স্পষ্ট কোনো তথ্য না আসা পর্যন্ত অবশ্য বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ